ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা কেনায় অর্থ সহায়তা প্রদান করা হবে। এ লক্ষ্যে শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে বিভাগীয় চেয়ারম্যানদের হাতে অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে৷
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপাচার্য অফিসের সম্মেলন কক্ষে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা আনুপাতিক হারে ভাগ করে বিভাগীয় চেয়ারম্যানদের হাতে এর চেক তুলে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, করোনা সংক্রমণের শুরুর দিকে প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত কর্মচারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ সহায়তা দেয়া হয় এবং এর থেকে অবশিষ্ট প্রায় সাড়ে তিন লক্ষ টাকা শিক্ষার্থীদের ইন্টারনেট ডাটা কেনার জন্য প্রদান করা হয়েছে।
বার্তাবাজার/অমি