মহামারি করোনাকালে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা না নিয়ে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করে পরের ক্লাসে ভর্তি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। যার অংশ হিসাবে চলতি মাস থেকেই অ্যাসাইনমেন্ট জমাদানের কাজ চলছে। কিন্তু অনেক প্রতিষ্ঠান এই অ্যাসাইনমেন্ট আটকে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ফি আদায় করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অ্যাসাইনমেন্টের সঙ্গে স্কুলের বেতন বা অন্যান্য ফির কোনো সম্পর্ক নেই। একইসঙ্গে অ্যাসাইনমেন্ট আটকে বেতনের টাকা আদায় না করতে স্কুলগুলোর প্রতি আহবান জানান তিনি।
গতকাল (রোববার) একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, স্কুলের উচিত শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেয়া। তবে অনেক স্কুল ভাবতে পারে এই সুযোগে বেতন তুলে নিতে পারবে। যদি এমনটি কেউ চিন্তা করে তা ঠিক হবে না। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের উচিৎ বেতন পরিশোধ করা।
তিনি আরও বলেন, অ্যাসাইনমেন্টের জন্য আলাদা করে ফি নেয়ার কোনো কথা নেই। কোনো প্রতিষ্ঠান যদি অ্যাসাইনমেন্টর জন্য আলাদা করে ফি চায় তাহলে সেই শিক্ষাপ্রতিষ্ঠান অন্যায় করছে। সেক্ষেত্রে কেউ যদি আমাদের সুনির্দিষ্টভাবে জানায় তাহলে আমরা সেইসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
বার্তাবাজার/এসজে