ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক ব্যক্তিকে নাম ধরে গালি দেওয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ (সোমবার) সকালে উপজেলার ইসলামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, ইসলামপুর গ্রামের পাশে একটি বিলের পাশে সকালের দিকে শিশুরা খেলছিল। এ সময় শিশুদের কথা কাটাকাটি শুরু হলে সেখানে এসে উপস্থিত হন একই গ্রামের উত্তরপাড়া চৌধুরী বাড়ির গৃহবধূ আরজিনা খাতুন। তিনি এসে দক্ষিণ পাড়া চৌধুরী বাড়ির জামাল মিয়াকে নাম ধরে গালি দেন।
এই গালি জামাল মিয়া না শুনলেও সেখানে থাকা কিছু নারী সেই কথা গিয়ে জানায় জামাল মিয়াকে। এর জেরে জামাল মিয়া সদলবলে এসে হামলা চালায় উত্তরপাড়া চৌধুরীর বাড়ির লোকজনের উপর। হামলায় দু’পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে বিজয়নগর থানার ওসি আতিকুর রহমান জানান, এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/নিমফুল