সাংবাদিক গ্রেফতারের ঘটনায় চবিসাস’র নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল ও সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী যৌথ বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে সমিতির নেতারা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগ ওঠে হলের আবাসিক শিক্ষক ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক কাজী জাহিদের বিরূদ্ধে। সেই ঘটনায় সংবাদ প্রকাশের জের ধরে শিক্ষক জাহিদ আইসিটি আইনে সাংবাদিক বাপ্পীসহ ৭ জনের বিরূদ্ধে মামলা করেন। যার পরিপ্রেক্ষিতে গত ১৩ নভেম্বর (শুক্রবার) নিজ বাসা থেকে পুলিশ বাপ্পীকে গ্রেফতার করে। যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।

পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের প্রতি এমন অন্যায় আচার আচরণ মানুষের বাক স্বাধীনতা ও সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করে৷ তাই সকলে সাংবাদিক রায়হান বাপ্পীর মুক্তির জোরালো আবেদন জানিয়েছেন৷

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর