মেয়র রিপনের বিরুদ্ধে আপন ভাইকে গুলি করার অভিযোগ

খাগড়াছড়ির রামগড় পৌরসভার মেয়র কাজী শাহাজান রিপনের বিরুদ্ধে আপন ভাইকে গুলি করার অভিযোগ উঠেছে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

গতকাল রোববার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে তাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সহোদর কাজী শাহরিয়ার ইসলাম সাহেদকে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় তাদের আরেক ভাই জিয়াউল হক শিপনও মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের আরেক ভাই কাজী সাইফুল ইসলাম শিমুল বলেন, দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে পারিবারিক সম্পত্তি দখল এবং টাকা আত্মসাতের কারণে মেয়র কাজী রিপনের সাথে তাঁর অপর ভাইদের দ্বন্দ্ব চলে আসছিল।

যার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটে। ওই রাতে বাড়ির সীমানায় প্রবেশের মুহুর্তেই মেয়র কাজী শাহজাহান রিপন এবং তাদের অপর ভাই জিয়াউল হক শিপন কাজী সাহেদকে কিল, ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে কাজী শাহজাহান রিপন ক্ষিপ্ত হয়ে তাঁর পায়ে একাধিক গুলি করে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “পৌর মেয়র কাজী রিপন এবং তাঁর ভাইদের মাঝে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে ভাইদের মাঝে এই ঘটনা ঘটে থাকতে পারে। গুলিবিদ্ধ হয়ে একজন আহত এবং অন্যজনের মাথায় আঘাত পাওয়ার খবর শুনেছি। তবে এ নিয়ে থানায় এখনো পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর