রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতিকে গ্রেফতারের ঘটনায় ববিসাস’র তীব্র নিন্দা

ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারার মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক
রাইহান বাপ্পীকে গ্রেফতার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
(ববিসাস)।

রবিবার (১৫ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ববিসাসের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক লালন হোসেন এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারায় বারবার সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হওয়ায় প্রমাণীত হয়েছে এটি স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাঁধা। তাই দ্রুত এ মামলাটি প্রত্যাহার ও মানিক রাইহান বাপ্পীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। সেই সাথে অভিযুক্ত সকল সাংবাদিকের অবিলম্বে মামলা থেকে অব্যহতি দেয়ার দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ২০১৫ সালের অক্টোবরে “রাবির আবাসিক হলে শিক্ষকের বিরুদ্ধে সিট বরাদ্ধে চাঁদা দাবির অভিযোগ” শিরোনামে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যৌক্তিক কোনো কারণ ছাড়া মানিক রাইহান বাপ্পীসহ যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, যুগান্তরের তৎকালীন রাবি প্রতিনিধি হাসান আদিব, রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীসহ ৭ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করেন ঐ হলের আবাসিক শিক্ষক ও কম্পিউটার সাইন্স বিভাগের অধ্যাপক কাজী জাহিদ।

সংবাদ প্রকাশের জন্য গত ১৩ নভেম্বর সেই মামলায় মানিক রাইহান বাপ্পীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর