সরিয়ে নেওয়া হচ্ছে কাঁঠালবাড়ি ঘাট, চালু হচ্ছে বাংলাবাজার

এখন থেকে ফেরি চলবে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে। পদ্মা সেতুর নদী শাসনের কাজের কারণে কাঁঠালবাড়ি থেকে ৫০০ মিটার উজানের বাংলাবাজারে এ ফেরি ঘাট স্থানান্তরিত হচ্ছে আজ সোমবার। নতুন এ ঘাটে আগের মতোই ৪টি ফেরিঘাট এবং নিরাপদ দূরত্বে লঞ্চ ও স্পচঘাট থাকছে।

এর আগে, কাঠালবাড়ির এ ঘাটটি আরো পশ্চিমে কাওড়াকান্দি ঘাট হিসেবে পরিচিত ছিল। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কাওড়াকান্দি ঘাট সরিয়ে আনা হয়েছিল কাঁঠালবাড়িতে। তারপর মাদারীপুর জেলার শীবরচরের এ ঘাটের নামকরণ করা হয় ইলিয়াস আহমেদ ঘাট। এখনও ইলিয়াস আহমেদ ঘাট নামকরণই থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার (মেরিন) আহাম্মদ আলী জানান, ইতোমধ্যেই ২টি ঘাট সরিয়ে আনা হয়েছে বাংলাবাজারে। কয়েক দিনের মধ্যে বাকি ২টি ঘাটসহ লঞ্চ ও স্পিডবোট ঘাটও সরিয়ে আনা হবে।

তিনি আরও বলেন, ৩ বছর পর এই ঘাট স্থানান্তেরর কারণে দূরত্ব বাড়ল আধা কিলোমিটার। বর্তমানে বিকল্প চ্যানেল ফেরির দূরত্ব ছিল সাড়ে ১২ কিলোমিটার। আর বাংলাবাজার-শিমুলিয়া ঘাটের দূরত্ব হচ্ছে ১৩ কিলোমিটার।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী শারফুল ইসলাম জানান, পদ্মা সেতুর নদী শাসনের কারণে ঘাটটি স্থানান্তর করতে হচ্ছে। নতুন ঘাটে সব ব্যবস্থাসহ সুযোগ সুবিধাই থাকছে। যাত্রীদের কষ্ট হবে না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর