তদারকির অভাবে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উন্নয়ন কাজে চলছে অনিয়ম

কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান মহাসড়ক সম্প্রসারণ ও উন্নয়ন কাজে অতি নিম্নমানের ইট ও পাহাড়ি বালি দ্বারা ঢালাইয়ের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে ঠিকাদারী প্র্তিষ্ঠানের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের তদারকির অভাবে এসব অনিয়ম চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৫৮০ কোটি টাকা ব্যয়ে টেকনাফ-কক্সবাজার মহাসড়কটির দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ৫০ কিলোমিটার সড়কের কাজটিকে দুটি প্যাকেজে ভাগ করা হয়েছে। প্রথম প্যাকেজে ১ শত ২২ কোটি টাকা চুক্তি সাপেক্ষে কক্সবাজার লিংক রোড থেকে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন পর্যন্ত ২৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও উন্নয়নের কাজ দেওয়া হয়েছে টিসিসিএল এন্ড মেসার্স জামিল ইকবাল লিঃ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে।

২য় প্যাকেজে ১শত ৫৪ কোটি টাকা চুক্তি সাপেক্ষে উখিয়ার ফায়ার সার্ভিস স্টেশন থেকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পর্যন্ত ২৫ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও উন্নয়নের কাজ দেওয়া হয়েছে তাহের ব্রাদার্স লিঃ ও হাসান টেকনো বিল্ডার্স লিঃ এবং সালেহ আহমদ বাবুল নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে।

ছবি-বার্তাবাজার

পরিদর্শনে দেখা গেছে, সড়কের উভয় পাশে খোয়া এবং বালি দিয়ে ভরাট করলেও হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং এলাকায় পাহাড়ি ঢলে নেমে আসা সড়কের পাশে পরিত্যাক্ত মাঠি দিয়ে গর্ত ভরাট করা হচ্ছে।

বিষয়টি নিয়ে কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান, সড়কের উভয় পাশে ৩ ফুট করে ৬ ফুট এবং জনগুরুত্বপূর্ণ স্থানে ৪৫ ফুট সড়ক সম্প্রসারণ করা হচ্ছে। তবে পাহাড়ি মাঠি দ্বারা ভরাট করার নিয়ম নেই।

কাজের অনিয়মের বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহীন বার্তা বাজারকে জানান, সব জায়গায় শিডিউল মেনে কাজ করা হচ্ছে। কাজের কোথাও নিম্নমানের ইট বালি ব্যবহার করার সু্যোগ নেই। নিম্ন মানের ইট কেনো আনা হয়েছে জানতে চাওয়া হলে, নিম্নমানের ইট আনা হয়নি বরং কাজে ব্যবহৃত ইটের উচ্ছিষ্ট অংশ গুলো সরিয়ে ফেলার জন্য স্তুপ করে রাখা হয়েছে বলে দাবী করেন।

ছবি-বার্তাবাজার

এদিকে একটি দায়িত্বশীল সূত্র প্রকল্পটির কাজের মান নিয়ে জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় প্রশ্ন উঠেছে। তাছাড়া কাজের মান নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

এদিকে উখিয়া -টেকনাফবাসীর দ্বীর্ঘ বছরের চাওয়া, শহীদ এটিএম জাফর আলম আরাকান মহাসড়ক সম্প্রসারণ ও উন্নয়নের কাজ শুরু হলে এই অঞ্চলের মানুষের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়। তবে কাজের মান নিয়ে কিন্তু বরাবরের মতো সবাই হতাশ ও ক্ষুদ্ধ। তাই স্থানীয়রা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের এসব কাজের সঠিক তদারকির দাবী জানান।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর