রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের সাবেক সভাপতি ও রাবির দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয়
প্রতিনিধি মানিক রাইহান বাপ্পীকে তথ্য প্রযুক্তি আইন (আইসিটি) মামলায় গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
রবিবার (১৫ নভেম্বর) ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা হাসান ও সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ এক যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সংগঠনটির দপ্তর সম্পাদক মোস্তাফিজ রাকিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০১৫ সালের অক্টোবরে “রাবির আবাসিক হলে শিক্ষকের বিরুদ্ধে সিট বরাদ্দে চাঁদা দাবির অভিযোগ” শিরােনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ওই হলের আবাসিক শিক্ষক ও কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক কাজী জাহিদ। পরবর্তীতে সেই মামলায় গত ১৩ নভেম্বর সন্ধ্যায় সাংবাদিক মানিক রাইহান বাপ্পীকে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে ১৪ নভেম্বর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানাে হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে এই প্রথম কোনাে সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনের কারণে কারাগারে যেতে হল। যা খুবই দুঃখজনক। সংবাদ প্রকাশের জন্য একজন ক্যাম্পাস সাংবাদিককে কারাগারে পাঠানাের মধ্যদিয়ে ক্যাম্পাস সাংবাদিকতার ইতিহাসে একটি কালাে অধ্যায় রচিত হয়েছে। আমরা মানিক রাইহান বাপ্পীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ আরো বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এভাবে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা-মামলা-নির্যাতনের শিকার হলে ক্যাম্পাস সাংবদিকতার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হবে। তাই দ্রুত এই মামলা প্রত্যাহার ও মানিক রাইহান বাপ্পীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
বার্তাবাজার/অমি