যশোরে সরকারি গাছ কাটার দায়ে ইউপি মেম্বারকে জরিমানা

যশোরের কেশবপুরে সরকারি রাস্তার ৪০ হাজার টাকা মূল্যের গাছ কাটার দায়ে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুস সবুরকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার(১৫ নভেম্বর)উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঐ মেম্বরকে জরিমানা করাসহ কাঠ জব্দ করেন।

এলাকাবাসি সূত্রে জানাগেছে, বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন গণসাহায্য সংস্থার উদ্যোগে ১৯৯০/৯২ সালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের সাগরদাঁড়ি মালোপাড়া সড়কের দু’পাশ দিয়ে রোড রেইনট্রি রোপণ করা হয়। ওয়ার্ড মেম্বার আব্দুস সবুর ১৫ নভেম্বর ভোরে ওই সড়কের পরিমল বিশ্বাসের বাড়ির সামনে থেকে বৃহদাকার একটি শিশু গাছ কাটতে যান। এ সময় গ্রামবাসি বাঁধা দিলেও তিনিতা শোনেন নি।

খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছলে মেম্বার পালিয়ে যান। পরে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা সরকারি গাছ কাতার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেম্বার আব্দুস সবুরকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তার সাথে ছিলেন চিংড়া পুলিশ ফাড়ি্র ইনচার্জ উপপরিদর্শক ওয়ালিউর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়ন তহশীলদার শহিদুল ইসলাম, উপজেলা সার্ভেয়ার মেরাজ হোসেন প্রমুখ।

এদিকে এ ব্যাপারে মেম্বার আব্দুস সবুর বলেন, গাছ কেটে আত্নসাতের অভিযোগটি সঠিক নয়। সাগরদাঁড়ি বাজারের সাঁকো মেরামতের জন্যে চেয়ারম্যানের অনুমতি নিয়েই তিনি গাছটি কাটান। তবেঁ সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। এসিল্যান্ড ঘটনাস্থলে পৌঁছলে তিনি গাছ কাটার ঘটনা জানতে পেরে সেখানে যান।

সাগরদাঁড়ি ইউনিয়ন তহশীলদার শহিদুল ইসলাম বলেন, সরকারি গাছ কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে মেম্বারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত গাছ উদ্ধার করে উপজেলা ভূমি অফিসে নিয়ে আসা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর