উপজেলার চরউত্তরবন্দ বাজারের এক ব্যবসায়ীর দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ১৩‘শ কেজি (২৬ বস্তা) চাল আটক করেছেন পুলিশ।
আজ রবিবার সন্ধ্যার পর গ্রামের লোকজন চাল পাচারের ঘটনাটি থানায় জানালে পুলিশ ওই বাজারে গিয়ে চাল জব্দ করে। তবে পুলিশ চাল আটক করে ওই ব্যবসায়ীর জিম্মায় রেখে আসছে।
জানা গেছে, চরবেতাগৈর ইউনিয়নে অবস্থিত চরউত্তরবন্দ বাজার। ওই বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালনার জন্য দুজন ডিলার রয়েছেন। এদের একজন হচ্ছেন আসাদ অপরজন আসাদুজ্জামান রতন। ওই বাজারের চাল ব্যবসায়ী মোতলেব মিয়া রবিবার ৫০ কেজির ২৬ বস্তা চাল ক্রয় করে প্লাস্টিকের বস্তায় ভরে দোকানে মজুদ রাখেন।
নান্দাইল মডেল থানার উপপরিদর্শক আসাদুজ্জামান বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে মোতালেবের দোকানে ২৬ বস্তা চাল পাওয়া যায়। মোতালেব তাঁকে জানিয়েছেন কার্ডধারীরা তাঁর কাছে চাল বিক্রি করায় তিনি ক্রয় করেছেন।
ডিলার আসাদুজ্জামান রতন বলেন, তাঁর দোকানে যেসব কার্ডধারী এসেছেন তাঁদের কাছে ৩০ কেজির এক বস্তা চাল বিক্রি করা হয়েছে। একজন সরকারি লোক উপস্থিত থেকে চাল বিক্রির কাজ তদারকি করেছেন। অপর ডিলার আসাদ দাবি করেন তিনি আজ (রবিবার) চাল বিক্রি করেননি। তবে তাঁর দাবির সত্যতা পাওয়া যায়নি। বাজারের লোকজন জানিয়েছে তিনি বেলা ১২ টা পর্যন্ত চাল বিক্রি করেছেন। কিন্তু দুজনের মধ্যে কোন ডিলারের চাল ব্যবসায়ীর দোকানে গেছে সে সম্পর্কে কেউ কথা বলতে রাজী হয়নি।
এই বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এই বিষয়ে তিনি তদন্ত করে দেখবেন।
বার্তাবাজার/অমি