রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতির নিঃশর্ত মুক্তি চেয়ে নোবিপ্রবিসাসের বিবৃতি

তথ্য প্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যুগান্তরের প্রতিনিধি ও রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক রাইহান বাপ্পীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) কর্মরত সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করছে।

রবিবার (১৫ নভেম্বর) সাংবাদিক সমিতির সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সবুজ এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, সংবাদ প্রকাশের জেরে ক্যাম্পাস সাংবাদিককে গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনা সাংবাদিকতার ইতিহাসে কালো অধ্যায়। এ ঘটনায় আমরা মর্মাহত। এটি ক্যাম্পাসে সাংবাদিকতা তথা স্বাধীন সাংবাদিকতার জন্যই হুমকি স্বরুপ। দেশের ইতিহাসে প্রথম কোনো ক্যাম্পাস সাংবাদিককে সংবাদ প্রকাশের জন্য গ্রেফতার করা হলো। এ ঘটনায় নোবিপ্রবি সাংবাদিক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

তারা আরও বলেন, আমরা আশংকা করছি, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজ ক্যাম্পাসে সাংবাদিকেরা এভাবে হামলা-মামলার শিকার হলে ক্যাম্পাসগুলোতে সাংবাদিকতার পথ আরো সংকুচিত হয়ে যাবে। যা স্বাধীন সাংবাদিকতার জন্য অশনিসংকেত। তাই দ্রুত এই মামলাটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি। গ্রেফতারকৃত সাংবাদিক মানিক রাইহান বাপ্পীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। সেই সাথে মুক্ত সাংবাদিকতায় বাধাগ্রস্থ করা এই কালো আইন বাতিলের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় চাপাইনবয়াবগঞ্জের শিবগঞ্জের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাংবাদিক মানিক রায়হান বাপ্পিকে। পরে ১৪ নভেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর