বাড়ছে মানুষ, কমছে জমি। তাই খাদ্য চাহিদা মেটাতে অল্প জমিতে নিরাপদ পদ্ধতিতে অধিক ফলন নিশ্চিতে নিরালস কাজ করছে সংশ্লিষ্ট সরকারী দপ্তরগুলো। সরকারী নীতি নির্ধারক মহলেরও তীক্ষ্ণ নজর এই খাতটির ওপর।
আর তাই কৃষকদেরকে ফসলের ফলন বাড়ানোর কলা-কৌশল শেখাতে রবিবার ফরিদপুরের বোয়ালমারীতে এক কর্মশালার আয়োজন করে জেলা পানি উন্নয়ন বোর্ড। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দাদুরিয়া-কান্দর বিল উপ প্রকল্প এর আওতায় উপজেলার চতুল ইউনিয়নের কালিয়ান্ড মাঠে এ কর্মসূচী পালন করা হয়।
স্থানীয় কালু ফকিরের খাল পানি ব্যাবস্থাপনা দলের সভাপতি মো. মাসুদুর রহমান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মাদ আল বেরুনী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহায়তায় অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন সহকারী উপজেলা কৃষি অফিসার আবু বক্কার সিদ্দিকী।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মৃণাল বিশ্বাস, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার ওয়ালিদ হাসান, ইমরান হোসেন, প্রকল্পের সিনিয়র ফেসিলিটেটর বি এম আলমগীর কবির, আমীর হোসেন খান, এস এম মোস্তফা কামাল, কমিউনিটি ফেসিলিটেটর সাইদুর রহমান, শিশির আহমেদ, জীবন কুমার মন্ডল ও জামিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীর উদ্দেশ্যে পরিবেশ বান্ধব ও নিরাপদ পদ্ধতিতে বিশেষ করে ব্রি-ধান-৮০ চাষাবাদ করে উচ্চ ফলন নিশ্চিতে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং নমুনা প্লট তৈরী করে হাতে-কলমে প্রশিক্ষণ দেন। অনুষ্ঠানে ৩ জন কৃতি কৃষককে পুরস্কৃত করা হয়।
এর আগে উল্লেখিত প্রকল্পের আওতায় রাজাপুর, বিশ্বাসপুর পানি ব্যবস্থাপনা দলের ৩০ নারী-পুরুষ সদস্যকে ৩ মাসব্যাপী কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বার্তাবাজার/অমি