সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যা মামলায় গ্রেফতার মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতে ফাতেমাকে হাজির করা হলে এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মাহানগর হাকিম বাকি বিল্লাহ চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গেল শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতকে ফাতেমা খাতুনের অসুস্থ হওয়ার বিষয়টি অবহিত করেন তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা।
এ সময় ফাতেমা খাতুনকে আদালতে হাজির করতে হাজতি পরোয়ানা ইস্যুর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। চিকিৎসা শেষে সুস্থতা সাপেক্ষে আদালতে সোপর্দ করলে ফাতেমা খাতুনের বিরুদ্ধে হাজতি পরোয়ানা ইস্যু করা হবে বলে বিচারক আদেশ দেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, ফাতেমা খাতুনকে গ্রেফতারের পর ১২ নভেম্বর আদাবর থানায় আনা হয়। আগে থেকে তিনি হৃদরোগে আক্রান্ত। থানা হেফাজতে থাকাকালীন ১৩ নভেম্বর ১২টা ১০ মিনিটের দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নেয়া হয়। অধ্যাপক ডা. গোলাম আজমের অধীনে চিকিৎসাধীন তিনি।
গত ১০ নভেম্বর হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়সহ ১০ জনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
তারা হলেন- হাসপাতালের মার্কেটিং ম্যানেজার আরিফ মাহমুদ জয়, কো-অর্ডিনেটর রেদোয়ান সাব্বির, কিচেন শেফ মো. মাসুদ, ওয়ার্ডবয় জোবায়ের হোসেন, ফার্মাসিস্ট মো. তানভীর হাসান, ওয়ার্ডবয় মো. তানিম মোল্লা, সজীব চৌধুরী, অসীম চন্দ্র পাল, মো. লিটন আহাম্মদ ও মো. সাইফুল ইসলাম পলাশ।
এএসপি শিপনকে মারধরের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়।
বার্তাবাজার/অমি