মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর বাজারে মোবাইলের দোকানের টিনের চাল কেটে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজারে হেফাজত ইসলাম মোবাইল পয়েন্ট নামে দোকানের চালের টিন কেটে দোকানে ঢুকে প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকার বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন চোরেরা চুরি করে নিয়ে যায়।
বালুচর বাজারের দোকানীরা জানান, ইতিপূর্বে বালুচর বাজারে ডাকাতি সহ এ রকম দোকানের চালের টিন কেটে ও স্যাটার ভেঙে স্বর্নের দোকান, মুদি দোকান, মোবাইলের দোকান সহ বিভিন্ন দোকানে এ পর্যন্ত অনেক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী হেফাজত ইসলাম মোবাইল পয়েন্ট এর স্বত্বাধিকারী মাহমুদুর রহমান উজ্জল বলেন, দোকানের কর্মচারী আমার ভাগিনা নাজিম প্রতিদিনের মত সকাল সাড়ে ৮ টায় দোকান খুলে দেখে সব কিছু এলোমেলো। আমাকে খবর দিলে আমি দোকানে এসে দেখি চালের টিন কেটে চোর দোকানে ঢুকে বিভিন্ন কোম্পানির প্রায় ৪২ টি মোবাইল ফোন নিয়ে গেছে যাহার বাজার মুল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা। তিনি আরো বলেন বালুচর বাজার বনিক সমিতির সবার সাথে আলোচনা করে আইনি সহায়তায় নিবো।
আরেক ভুক্তভোগী সর্মিলা জুয়েলার্স এর স্বত্বাধিকারী সুজন বাবু বলেন, গত ১৭ দিন আগে একই ভাবে দোকানের চাল কেটে দোকানে ঢুকে সিন্ধুকের তালা ভেঙে স্বর্ন রুপা ও নগদ মিলে প্রায় ৫০ হাজার টাকার মাল নিয়ে যায়।
এবিষয়ে বালুচর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো: উজ্জ্বল জানান, আমি সকালে বাজারে এসে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি।সিসিটিভি র ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা করবো। পরে আইনি সহায়তায় নিবো।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক বলেন, এই ঘটনার এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/অমি