উপজেলায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মৎস্যচাষী ভিক্ষু মিয়া (৫০) নিহত হয়েছে। আজ রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত ভিক্ষু মিয়া সিংরইল ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের আব্দুল জব্বার ভূইয়ার পুত্র। গত ৯ নবেম্বর রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জের ধরে তাঁর উপর হামলা চালানো হয়।
প্রতক্ষ্যদর্শী আবুল হোসেন জানান, ভিক্ষু প্রতিদিন স্থানীয় সিংরইল বাজারে আড্ডা দিত। গত ৯ নবেম্বর রাতে সেই বাজার থেকে বাড়ি ফেরার পথে তিনি ভিক্ষুর সাথেই ছিলেন। এসময় সিংরইল মাইজপাড়া জামালের বাড়ির কাছে পৌছার পরপরই একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের উপর হামলা চালায়।
এক পর্যায়ে হামলাকারীরা ভিক্ষুকে মাটিতে ফেলে বেদম মারধর সহ রামদা দিয়ে কোপাতে থাকে। আতঙ্কগ্রস্থ হয়ে তাঁরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে ভিক্ষু মিয়াকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। হামলাকারীদের মধ্যে তিনি একজনকে চিনতে পেরেছেন।
নিহতের ছোট ভাই কবীর উদ্দিন বলেন, ঘটনার দিন রাতেই মূমুর্ষ অবস্থায় তাঁর ভাইকে প্রথমে ঢাকায় জাতীয় অর্থোপেডিক পুর্বসান হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাঁদের কিছু মূল্যবান জমি বহু দিন ধরে একটি চক্র দখল করার চেষ্টা করছে। ওই চক্রটি মেরে ফেলার উদ্দেশ্যেই ইতিপূর্বে কয়েক বার তাঁর ভাইয়ের উপর হামলা করেছে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সুরুজ আলী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ইতিপূর্বে নিহতের ভাই বাদী হয়ে হত্যা চেষ্টার অভিযোগ দিয়ে একটি মামলা করেছে। এখন মামলাটি হত্যা মামলায় রুপান্তর করা হবে।
বার্তাবাজার/অমি