তিতাসে বসতঘরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লার তিতাসে পরিকল্পিতভাবে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ দায়ের করা হয়েছে তিতাস থানায়। ঘটনাটি ঘটেছে উপজেলার মোহনপুর পূর্ব পাড়ার মৃত ফজলুল হকের বাড়ীতে। এবং এই ঘটনায় প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়।

এই ঘটনায় বাড়ীর মালিক রওশনারা বেগম ঘটনাটিকে পরিকল্পিত উল্লেখ করে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিতাস থানার এসআই আব্দুল করিম আজ রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।

রওশানারা বেগম জানান, তিনি অনেক বছর ধরে নারায়নগঞ্জে বসবাস করে আসছেন। ২/৩ মাস পরপর গ্রামে আসেন। গত বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টায় গ্রাম থেকে ফোন করে তার বসতঘরে অগ্নিকান্ডের খবর দেয়া হয়। তিনি খবর পেয়ে গ্রামে এসে ভস্মীভূত বসতঘর ও আলামত দেখে ঘটনাটি পরিকল্পিত বলে সন্দেহ করেন। সম্প্রতি তার ভাসুরপুত্র আবুল বাসার (৫০) তাকে বাড়িটি বিক্রি করার প্রস্তাব দেন। তার ধারণা বাড়িটি বিক্রি করতে অসম্মতি জানালে তার উপর ক্ষিপ্ত হয়ে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটানো হয়েছে বলে তিনি থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন।

তিনি আরো জানান, অগ্নিকান্ডের পর আমার বসতঘরে থাকা এলপি গ্যাস সিলিন্ডার বা তার ধ্বংসাবশেষও পাওয়া যায়নি, এতে করেই বুঝা যায় অগ্নিসংযোগের আগে পরিকল্পিতভাবে কেউ পার্শ্ববর্তীদের ক্ষয়ক্ষতি এড়াতে সিলিন্ডারটি সরিয়ে নিয়েছে।

এই বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য আবুল বাসার অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার সময়ে আমি ঘুমিয়ে ছিলাম, আমার ছোট ভাইয়ের হাক-ডাকে ঘুম ভেঙে অগ্নিকান্ডের ঘটনা দেখে আমি ও আমার পরিবারের লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালাই এবং স্থানীয়দের সহযোগীতার জন্য ডেকে আনি।

এই বিষয়ে তিতাস থানার এসআই আব্দুল করিম সাংবাদিকদের বলেন, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর