ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে সরকারি পরিবহন ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা মোট ৪৭ জনকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।
তিনি বলেন, গণপরিবহন ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ডিএমপির ১২টি থানায় (পল্টন, মতিঝিল, বিমানবন্দর, উত্তরা পূর্ব, শাহবাগ, ভাটারা, কলাবাগান, তুরাগ, খিলক্ষেত, মোহাম্মদপুর, সূত্রাপুর ও বংশাল) ১৬টি মামলা হয়েছে।
এসব মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেফতার করেছে। শাহবাগ থানা ৬ জন, পল্টন থানা ৯ জন, বংশাল থানা ৭ জন, কলাবাগান থানা ২ জন, তুরাগ ১ জন, উত্তরা পূর্ব ৯ জন, খিলক্ষেত ২ জন, সূত্রাপুর ৮ জন, ভাটারা থানা ১ জন ও মতিঝিল থানা ২ জনকে গ্রেফতার করেছে।
এছাড়াও এজাহারনামীয় অন্য পলাতক অভিযুক্তদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশের একাধিক টিম।
উল্লেখ্য, গেল বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানাধীন বিএনপি পার্টি অফিসের উত্তরপাশে কর অঞ্চল-১৫তে পার্কিং করা সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বার্তাবাজার/অমি