ইরফান সেলিম ও তার বডিগার্ড জাহিদের জামিন নামঞ্জুর

অস্ত্র মামলায় গ্রেফতার ডিএসসিসির ৩০ নম্বর ওয়ার্ডের বরখাস্ত কাউন্সিলর ইরফান সেলিম ও তার বডিগার্ড মোহাম্মদ জাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালতে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

গতকাল শনিবার পাঁচদিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গেল রবিবার (৮ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত চকবাজার থানার অস্ত্র ও মাদক মামলায় তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

১ নভেম্বর নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় ধানমন্ডি থানায় করা মামলায় দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। তার আগে ২৮ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

গত ২৫ অক্টোবর রাতে হাজী সেলিমের ‘সংসদ সদস্য’ লেখা সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমদ খানকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর