স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীর আমৃত্যু কারাদণ্ড প্রত্যাহার

সাতক্ষীরার যৌতুকের দাবিতে শরীরে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে ইমাদুলের মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়ে গত ১১ নভেম্বর রায় ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ রবিবার এই রায় প্রত্যাহার (রিকল) করেছেন আপিল বিভাগ। সেই সাথে এ মামলায় পুনরায় আপিল শুনানির জন্য দিন ধার্য করা হয়। আগামী ১৭ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় দেন। আদালতে আজ ইমাদুলের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ বি এম বায়জিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

জানা গেছে, ২০০২ সালের ১৯ জুলাই ইমাদুলের স্ত্রী রেশমা খাতুনকে নির্যাতন করে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর রেশমাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ২৯ জুলাই রেশমার মৃত্যু হয়।

এর আগেই ২১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে মৃত্যুকালীন জবানবন্দি দেন রেশমা খাতুন। তবে নির্যাতন ও আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় ওই দিনই (১৯ জুলাই) রেশমার স্বামী ইমাদুল, শ্বশুর শহিদুল সরদার, শাশুড়ি মোছা. ছবি বিবি ও দেবর রাজু আহমদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন রেশমার বাবা আব্দুর রাজ্জাক। এরপর তদন্ত শেষে চারজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয় সেখানকার পুলিশ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর