বাগেরহাটে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে, শিশু নিহত
বাগেরহাটের ফকিরহাটে একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়লে জান্নাতুল মাওয়া (৬) নামে এক শিশু নিহত ও আরও ৩ জন আহত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফকিরহাটে ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের নিচে আটকা পড়া দোকানী জাকিয়া বেগমকে (৪৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে।
নিহত শিশু জান্নাতুল মাওয়া উপজেলার আট্টাকী গ্রামের কবির শেখের মেয়ে।
এ ঘটনায় আরও আহত হয়েছে, ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের নাজমুল শেখ কন্যা শিরিনা বেগম (২৪) ও সাথি বেগম (১৮)। তাদেরকে উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনম মো. আবু সাঈদ বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ফকিরহাট উপজেলার বিশ্বরোড সংলগ্ন সকাল-সন্ধ্যা হোটেলের সামনে পণ্যবাহী একটি ট্রাক অন্য একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়লে জান্নাতুল মাওয়া এক শিশু নিহত হয়। এ সময় আহত হয়েছে আরও ৩ নারী।
ওসি জানান, এই ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারী পালিয়েছে। বর্তমানে ট্রাকটি পুলিশ হেফাযতে আছে।
বার্তা বাজার/কে.কে