কক্সবাজারের টেকনাফে ইয়াবাপাচার কারীদের সাথে বিজিবির গোলাগুলির ঘটনা এক ব্যক্তির প্রাণহানি ঘটেছে। এসময় আহত হয়েছে বিজিবির দুই সদস্য। ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে টেকনাফ সদরের ১নাম্বার স্লুইচ গেইট এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইয়াবাকারবারী বলে দাবী করেছেন টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রাতে ২বিজিবি জওয়ানরা সদর ইউনিয়নের ১নং স্লুইচ গেইট সংলগ্ন নাফ নদীতে স্পীডবোট নিয়ে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি কাঠের নৌকা নিয়ে ৩জন ব্যক্তি শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করার সাথে সাথে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে বিজিবির সদস্য জনি হোছাইন (২৬) এবং মোতালেব হোসাইন (৪২) আহত হয়। জবাবে বিজিবি পাল্টা গুলি ছুঁড়লে নৌকা হতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায়। এসময় দুইজন নৌকা হতে লাফ দিয়ে শুন্য রেখা অতিক্রম করলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে ১টি দেশীয় অস্ত্র, ২ রাউন্ড কার্তুজের খালি খোসা এবং ২লাখ ১০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
এদিকে গুলিবিদ্ধ ব্যক্তি ও আহত দুই জওয়ানকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে মৃত ঘোষনা করেন এবং আহতদের চিকিৎসা দেওয়া হয়।
মৃতদেহটি পোস্টমর্টেমের জন্য টেকনাফ থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
বার্তাবাজার/কে.জে.পি