যশোরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত, আহত ৫

যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটারআমতলা নামকস্থানে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পিকআপ চালক (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫জন।

আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার কেয়াঘাটা এলাকার মধু মন্ডলের ছেলে মাসুম (২৫), মোস্তফা মোড়লের ছেলে বাবু (৩০),শাওন ও কামরুল।

আহত শাওন ও কামরুল জানান, তারা সাতক্ষীরা থেকে পিকআপে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর—মাগুরা সড়কের ভাটারআমতলা নামকস্থানে পৌছালে বিপরীতমুখি একটি বাসের সাথে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক। এছাড়া তারা দুইজনসহ আরো দুজন আহত হন।

পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
ফায়ার সার্ভিসের লিডার আবু আহসান জানান, সকালের দিকে তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। এসময় তারা মোট ৫জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ দেলোয়ার হোসেন খান জানান, সকালে দুর্ঘটনায় আহত ৫জনকে আনা হয়। তার মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে এবং অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর