অপহৃত বাংলাদেশিদেরকে ৪ দিনেও ফেরত দেয়নি মিয়ানমার

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীর মোহনায় মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) ৪ দিন আগে বাংলাদেশের ৯ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এখন পর্যন্ত বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করা হয়নি। এমনকি বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও মিলেনি সাড়া।

জানা যায়, গত মঙ্গলবার সকালে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনা থেকে ৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় বিজিপি। তাদেরকে মিয়ানমারের হাচ্ছুরতা সীমান্ত চৌকিতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

অপহৃতরা হলেন- শাহপরীর দ্বীপ এলাকার মাঝি নুরুল আলম, মো. ইউনুছ, সাইফুল ইসলাম, ইলিয়াছ, মো. আলম, ছলিম উল্লাহ, নুর কামাল, মো. সৈয়দ ও সাইফুল ইসলাম।

এ বিষয়ে ট্রলার মালিক মোহাম্মদ আমিন জানান, আমার ট্রলারটি নাফনদ ও বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকার শেষে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা একটি বোট নিয়ে এসে ট্রলারটি ধরে তাদের সীমান্তে নিয়ে যায়। বিষয়টি অন্য জেলেদের মাধ্যমে জেনে তাৎক্ষণিক বিজিবি ও কোস্টগার্ডকে অবহিত করেছি।’

টেকনাফ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বলেন, ‘ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত পেতে পতাকা বৈঠকের জন্য বিজিপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনও তাদের পক্ষ থেকে চূড়ান্ত সাড়া পাওয়া যায়নি। তবে বিজিবির পক্ষ থেকে জেলেদের দ্রুত ফেরত পেতে চেষ্টা অব্যাহত রয়েছে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর