ছোট ভাইয়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বোনের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে ছোট ভাইয়ের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সান্তাহার-নওগাঁ সীমান্তের ঢাকা রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদা নওগাঁর বদলগাছীর ভাণ্ডারপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, নিকটাত্মীয়ের মৃত্যুর খবর শুনে নিহত মাসুদা তাঁর ছোট ভাই আক্তারুজ্জামানকে সঙ্গে নিয়ে বদলগাছী থেকে তিলকপুর হয়ে নওগাঁ তাজের মোড় এলাকায় যাওয়ার জন্য একটি অটোযোগে ঢাকা রোড চার মাথায় আসেন।

সেখানে গাড়ি থেকে নেমে তাঁর ভাই রাস্তা পার হওয়ার পর তাঁর পেছনে পেছনে তিনিও পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা (ঢাকা মেট্রো-ট-১৪-৩৮৩২) নম্বরের একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর