অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে ভারতে গিয়ে আটক ৩০ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। আজ শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
দালালের খপ্পরে পড়ে ২-৮ বছর আগে অবৈধ পথে ভারতে যান তারা। ভারতের মুম্বাই ও কলকাতাসহ বিভিন্ন শহরে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন। পরে সেখান থেকে সংলাপ, লিলয়া, সুশীলনসহ ১১টি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফিরিয়ে আনা হলো।
ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশনার বি.এম জামাল হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে যারা এসেছেন তাদেরকে বাংলাদেশের মানবাধিকার সংস্থা, মহিলা আইনজীবী সমিতি ও জাস্টিস অ্যান্ড কেয়ার নামে তিন এনজিওর মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিনয় কৃষ্ণ মল্লিক জানান, ‘শুক্রবার যারা ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন, তারা সংসারে অভাবের তাড়নায় ২-৮ বছর আগে দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন জেলা শহরে যান কাজের সন্ধানে। সেখানকার পুলিশ তাদের আটক করে ভারতের ১১ এনজিও সংস্থার কাছে হস্তান্তর করে। দু-দেশের আইনি প্রক্রিয়া শেষে তারা আজ দেশে ফিরেছেন।’
বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবিব জানান, ‘কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর যাদের অভিভাবক আজ আসেনি তাদেরকে যশোর মানবাধিকারের লোকজন হেফাজতে নিয়ে তাদের শেল্টার হোমে রাখবেন। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
বার্তাবাজার/অমি