ইন্দিরা রোডে হঠাৎ বিস্ফোরণ, উড়ে গেলো পাঁচ স্ল্যাব

রাজধানীর ইন্দিরা রোডের সড়কে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৫টি ম্যানহোল ও স্ল্যাব উড়ে গেছে। এতে কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) বেলা পৌনে তিনটার দিকে খামারবাড়ির দিকে যেতে ইন্দিরা রোডের শেষ মাথায় বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে সড়কের পাঁচটি ম্যানহোল ও স্ল্যাব উড়ে যায়। সড়কটিতে ছোট বড় কয়েকটি গর্ত তৈরি হয়। কোথাও কোথাও ফাটলও দেখা যায়।

ঘটনার পর পরই ওই এলাকায় ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন কর্তৃপক্ষ আসে। ফায়ার সার্ভিসের দলটি সড়কের নিচের গ্যাস ও ময়লা পরিষ্কার করে চলে যায়।

ওই সড়কের একটি বাড়ির নিরাপত্তাকর্মী মো. নাজমুল খান বলেন, রাস্তায় তখন মানুষ ছিল না। কেবল একটা প্রাইভেট কার ছিল। একেকটার পর একটা ম্যানহোলে বিকট আওয়াজে বিস্ফোরণ হচ্ছিল। প্রাইভেট কারটি তখন থেমে যায়। বিস্ফোরণের পর আমি জরুরি সেবা ৯৯৯ এ ফোন করি। এরপর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের লোকেরা আসে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৮ সালের মার্চ মাসের দিকে পূর্ব রাজাবাজার এলাকায় একই ধরনের গ্যাসের বিস্ফোরণের ঘটনা ঘটে। ইন্দিরা রোডের এই অংশেও তারা গ্যাসের গন্ধ পেয়েছেন। গ্যাসের এই সমস্যার কথা ঢাকা ওয়াসা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানিকে বেশ কয়েকবার জানিয়েও কোনো সমাধান তারা পাননি।

বিকেলে সেখানে বাতাসে গ্যাসের গন্ধ এসে নাকে লাগে। ওই রাস্তায় ম্যানহোলগুলোতে তখন কাজ করছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিসট্রিবিউশন কর্তৃপক্ষের ভাড়াটে শ্রমিকেরা। তখনো একটি ম্যানহোল থেকে গ্যাস বের হচ্ছিল।

এ বিষয়ে জানতে চাইলে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান বলেন, ‘ইন্দিরা রোডের স্পটে প্রায়ই লাইন ফুটো হয়ে গ্যাস বের হয়। প্রায়ই গন্ধ ছড়ায়। এলাকাবাসী এ নিয়ে অভিযোগও করেন।’

তিনি বলেন, ‘ওয়াসা ও তিতাসকে এটি ঠিক করতে বারবার চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে আমরা একটি চিঠি দিয়েছি। আজকের ঘটনার সময় ওই রাস্তায় লোকজন কম ছিল। অবস্থা এমন যেকোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর