রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় রিমান্ডে ২৮

রাজধানির বিভিন্ন পয়েন্টে মোট ১০টি বাসে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় মোট ২৮ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তারা বিভিন্ন মেয়াদে আসামিদের রিমান্ড আবেদন করেন। এরপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এর মধ্যে পল্টন থানার এক মামলায় ২ আসামি- আলিজা আল আহমেদ মিটু ও মেহেদী হাসান ইয়াছিনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শাহবাগ থানা দায়ের করা পৃথক দুই মামলায় ৬ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- হযরত আলী, মঈনউদ্দিন, আবু সাঈদ শান্ত, আবুল কালাম আজাদ, আবু সুফিয়ান ও সোহেল।

আরেক মামলায় ৭ আসামি- এ কে ফজলুর বারী, আলতাফ হোসেন, নাঈম প্রধান, আলিফ মাহমুদ, হুমায়ুন রশীদ টুটুল, খন্দকার মাশুকুর রহমান ও রাশেদুজ্জামানের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বংশাল থানার এক মামলায় দুই আসামি সফিউদ্দিন আহমেদ সেন্টু ও মৃদু রহমান জনি ওরফে মোরশেদুর রহমান জনির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মতিঝিল থানার এক মামলায় আবদুর রহমান তাহেরের ২ দিন এবং আরেক মামলায় জাকির হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় ২ আসামি- মশিউর রহমান মসি ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের ২ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। তুরাগ থানায় দায়ের করা একটি মামলায় সোহেল মিয়া নামে এক আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কলাবাগান থানার এক মামলায় ২ আসামি- মাহিফুর রহমান টিপু ও মাঈনউদ্দিন চৌধুরীর ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সূত্রাপুর থানায় দায়ের করা মামলায় ৪ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল (বৃহস্পতিবার) বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল, শাহবাগ ও পল্টনসহ মোট ৫ থানায় ৮টি মামলা করা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে দেড় শতাধিক জনকে। ইতোমধ্যে আসামিদের ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর