ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু, আহত ২

ফরিদপুরের নগরকান্দায় ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

শুক্রবার বিকালে রাজবাড়ী-ভাঙ্গা ট্রেন লাইনের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার শ্রীরামদিয়া গ্রামের ওয়াজেদ মোল্যার ছেলে ওয়াহেদ মোল্লা (৪০) ও সরোয়ার মোল্যার ছেলে লিটু মোল্লা (৪২)। অপর আহত একই গ্রামের চান্দুউল্লা শেখের ছেলে রফিক শেখ (৪০) ও শেখ মনছুর এর ছেলে হান্নান শেখকে (৪৮) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ভ্যানের উপর স্যালো ইঞ্জিন ও ধান ভাঙ্গানো মেশিন বসিয়ে গ্রামে ঘুরে ঘুরে ধান ভাঙ্গানোর কাজ শেষে মেশিন নিয়ে চারজন রেল লাইন পার হচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

ফরিদপুর রেল স্টেশনের মাস্টার মাসুদ রানা রনি জানান, মধুমতি এক্সপ্রেস এর ট্রেনটি ভাঙ্গা থেকে ফরিদপুরের দিকে ফিরছিল। এ সময় নগরকান্দা অংশে একটি আনম্যান গেইট (অবৈধ গেট) অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। রাজবাড়ী থেকে রেলওয়ে পুলিশ ও একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নগরকান্দা থানা অফিসার ইনচার্জ শেখ মো. সোহেল রানা বলেন, ‘ঘটনা স্থানে পুলিশ উপস্থিত হয়ে উদ্ধার কাজ শেষ করেছে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর