বগুড়ার শেরপুরে সদাই কিনে দেয়ার লোভ দেখিয়ে তিন বছরের এক শিশুকে বলাৎকার করেছে রনি ওরফে রকি (১৪) নামের এক কিশোর।
এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১২নভেম্বর) রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রকি উপজেলার মির্জাপুর ইউনিয়নের আয়রা দক্ষিণপাড়া গ্রামের মো. বাটুল মিয়ার ছেলে।
শুক্রবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ওসি (তদন্ত) এসএম আবুল কালাম আজাদ জানান, আয়রা দক্ষিণপাড়া গ্রামের দিনমজুর আলমগীর হোসেনের তিনবছর বয়সী শিশুকে গত ১০নভেম্বর বিকেলে স্থানীয় বাজারের হোটেল থেকে সদাই কিনে দেয়ার লোভ দেখিয়ে প্রতিবেশি রনি ওরফে রকি তার বসতবাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে তার শয়নকক্ষে নিয়ে শিশুটিকে বলাৎকার করে।
এসময় শিশুটির চিৎকার শোনে তাঁর মা বসতবাড়ির ওই শয়নকক্ষে গেলে ওই কিশোর পালিয়ে যায়। পরে রক্তমাখা জামা-কাপড় ও অসুস্থ অবস্থায় তার ছেলেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে তিনি বাদি হয়ে ওই কিশোরের বিরুদ্ধে থানায় মামলা দেন।
শুক্রবার দুপুরে আটক রকিকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বার্তাবাজার/অমি