রাজধানীতে বাসে সিরিজ আগুনের কারণ হিসাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দৃষ্টি আকর্ষণকে উল্লেখ করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গতকাল বাস পোড়ানোর ঘটনা ঘটেছে। সেটির গোপন রহস্য হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর জো বাইডেন সবাইকে কল দিয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। কিন্তু বর্তমান সরকার শেখ হাসিনাকে একবারও কল দেননি। তাই তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য গতকাল বাস পোড়ানো হয়েছে।’
ডা. জাফরুল্লাহ বলেন, ‘সরকারের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে সাংবাদিক। তারা সব তথ্য তুলে ধরেন। আজ ওখানে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) তিনি সবচেয়ে বড় ভুলটা করেছেন। যত বেশি সাংবাদিকদের কথা বলতে দেবেন তত বেশি গোয়েন্দা সংস্থা তথ্য পাবে।‘
তিনি জানান, সাম্প্রতিক দাঙ্গা, বাড়ি পোড়ানোর মতো ঘটনা গণতান্ত্রিক দেশে হতে পারে না। সংখ্যালঘু কয়েকজন নেতা আলেমদের বিরুদ্ধে অপবাদ দিয়েছেন। এটা অবশ্যই সরকারকে খতিয়ে দেখা উচিত।
সমাবেশে বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন, এম. আব্দুল্লাহ, কবি আব্দুল হাই সিকদার, নরুল আলম রোকন, কামাল উদ্দিন সবুজসহ প্রমুখ বক্তব্য রাখেন।
বার্তাবাজার/এসজে