বর্তমানে বাংলাদেশের গণতন্ত্র কবরে শায়িত বলে মন্তব্য করেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, গণতন্ত্রকে কবর থেকে ওঠাতে হলে একটামাত্র পথ আছে, আমাদের সবাইকে সম্মিলিতভাবে রাস্তায় নামতে হবে। সম্মিলিতভাবে প্রতিবাদ করতে না পারলে সবচেয়ে বড় বিপদ হবে বিএনপির।
জাফরুল্লাহ বলেন, বিএনপি সুচতুরভাবে খালেদা জিয়ার প্রতি এত বড় অন্যায় সয়ে যাচ্ছে। বিএনপিও আন্দোলন করে না, আমরাও করি না। যেখানে ইয়াবা ব্যবসায়ীরাও সবাই জামিন পায়, সেখানে খালেদা জিয়ার জামিন হয় না, সম্পাদক আবুল আসাদের জামিন হয় না, এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর কী হতে পারে। এটা অত্যন্ত নিন্দনীয়।
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে এক সাংবাদিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এত কিছু বোঝেন; কিন্তু ওনার বন্ধুদের চেনেন না, এটাই হচ্ছে জাতির দুর্ভাগ্য। একটা সরকারের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে সাংবাদিক, যারা বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী এখানেই তাঁর জীবনের বড় ভুলটা করছেন। সাংবাদিকদের আপনি যত বেশি কথা বলতে দেবেন, আপনার গোয়েন্দাবাহিনীর চেয়েও আপনি বেশি তথ্য পাবেন। তাতে আপনি লাভবান হবেন।
আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা শেখ হাসিনার কাঁধে ভর দিয়ে আর কত দিন চলবেন। আপনাদের আজ সোচ্চার হতে হবে। তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী- আপনারা কথা বলেন। আপনারা তো সব কিছুই দেখছেন, চশমা ব্যবহার করলেও আপনারা তো অন্ধ না। তা না হলে দেশের সামনে সমূহ বিপদ।
বার্তাবাজার/কে.জে.পি