মির্জা ফখরুল শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন: তথ্যমন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এতে কোনো লাভ হবে না। সরকার অতীতে যখন ২০১৩-১৪ সালে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করেছে, আমরা ইনশাআল্লাহ এবারও জনগণকে সঙ্গে নিয়ে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, দেশের মানুষ ভালোভাবেই জানে অতীতে কারা এভাবে বাস পুড়িয়েছে, কীভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং শত শত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর অন্তত ৯ স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে মোট ৮টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

তথ্যমন্ত্রী বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, যেভাবে যাত্রীবেশে বাসে উঠে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল, গতকাল যে ৯-১০টি বাস পোড়ানো হয়েছে, সেগুলোর সঙ্গে ২০১৩-১৪ সালের ঘটনার মিল আছে। বৃহস্পতিবার প্রথম বাসটি পোড়ানো হয় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে, একটি সরকারি প্রতিষ্ঠানের বাস। এই ঘটনার সঙ্গে বিএনপি এবং তার দোসররা যে যুক্ত, এটি সহজেই অনুমেয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর