রাজধানীতে বাসে আগুন: গ্রেফতার ১৮

ঢাকা-১৮ আসনের উপনির্বাচন চলাকালে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে অন্তত ৯ স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার দুপুর পর্যন্ত দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে মোট আটটি মামলা করা হয়েছে। এর মধ্যে পুলিশ ১৮ জনকে গ্রেফতার করেছে।

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বলেন, বৃহস্পতিবার সরকারি পরিবহন ও গণপরিবহন বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল, শাহবাগ ও পল্টনসহ মোট ৫ থানায় ৮টি মামলা করা হয়েছে।

এসব মামলায় আসামি দেড় শতাধিক। ইতোমধ্যে আসামিদের ১৮ জনকে গ্রফতার করা হয়েছে। গ্রেফতারদের অধিকাংশই রাজনৈতিক দলের নেতাকর্মী।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে ঢাকা মহানগর পুলিশের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে পল্টন থানাধীন বিএনপি পার্টি অফিসের উত্তর পাশে কর অঞ্চল ১৫-তে পার্কিং করা সরকারি গাড়িতে (ঢাকা-মেট্রো-জ-১১-০৪৭৪) অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দুপুর ১টার দিকে মতিঝিল থানাধীন মধুমিতা সিনেমা হলের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাস (ঢাকা-মেট্রো-ব-১১-৭৫১৫), ১টা ২৫ মিনিটে রমনা হোটেলের সামনে চলন্ত গাড়ি (ঢাকা-মেট্রো-গ-১৫-০৫৮৯) ভিক্টর ক্লাসিক পরিবহনে, শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে দেড়টার দিকে দেওয়ান পরিবহন (ঢাকা-মেট্রো-ঘ-১৩-১৫৭২), ২টা ১০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ের উত্তর পাশে রজনীগন্ধা পরিবহন (ঢাকা-মেট্রো-ব-১২-০৬৪৪) এবং বংশাল থানাধীন নয়াবাজার এলাকায় দুপুর ২টা ২৫ মিনিটে দিশারী পরিবহনে (ঢাকা-মেট্রো-ব-১১- ৯২৫৫) অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিন দুপুর ২টা ৪৫ মিনিটে পল্টন থানাধীন এলাকায় জৈনপুরী পরিবহন (চট্ট-মেট্রো-জ-১১-০৭১৮), ৩ টায় মতিঝিল থানাধীন পূবালী পেট্রল পাম্প সংলগ্ন দোতলা বিআরটিসি বাসে (ঢাকা-মেট্রো-ব-১৫-৫০০১), ভাটারা থানাধীন কোকাকোলা মোড়ে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনে (ঢাকা-মেট্রো-ব-১৫-৫৩২৫) দুষ্কৃতকারীরা আগুন দেয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর