নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডে বাড়িওয়ালাদের মারধরে ভাড়াটিয়া মেহেদী হাসান (৫১) নামের এক মুরগী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের নলুয়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে তর্কবিতর্কের জের ধরে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মারধরের ঘটনায় মুরগী ব্যবসায়ী মেহেদী হাসান অসুস্থ্য হয়ে পড়লে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মারধরের ঘটনায় মৃত মেহেদী হাসান নলুয়া এলাকার মৃত ফজল মিয়ার পুত্র।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মৃত মেহেদী হাসানের পরিবারের বরাত দিয়ে জানান, বাড়িওয়ালা রানা, পিংকীসহ আরও একজনের সঙ্গে বৃহস্পতিবার রাতে মুরগী ব্যবসায়ী মেহেদী হাসানের ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। অভিযোগ পাওয়া গেছে বাকবিতণ্ডার একপর্যায়ে চরধাপ্পড় লাথিসহ মেহেদী হাসানকে মারধর করা হয়। এসময় মেহেদী হাসান অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়টির তদন্ত চলছে, পরে বিস্তারিত জানানো যাবে।
বার্তা বাজার/কে.কে