ভালো দাম পেয়ে খুশি বগুড়ার কপি চাষিরা

চলতি মৌসুমে উত্তরাঞ্চলে আগাম শীতকালীন সবজি চাষ করে বাজারে ভালো দাম পেয়ে খুশি চাষিরা। এ অঞ্চলের সবচেয়ে বেশি সবজি চাষ হয় বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। উত্তরাঞ্চলের পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হয়ে থাকে এসব সবজি।

বাজারে সবজির সরবরাহ কম হওয়ায় চাহিদা রয়েছে ব্যাপক। তবে এ বছর শীতকালীন আগাম সবজির বেশিরভাগ চাষের জমি নষ্ট হয়ে গেছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনন্ততবালা এলাকার আব্দুর রাজ্জাক (৫৫) জানান, “অনিয়মিত বৃষ্টির কারণে কয়েক দফা জমিতে শীতের সবজি চাষ করে নষ্ট হয়েছে।

তবে আবারও ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন ধরণের সবজি লাগিয়েছি। বাজারে এবার ভালো দাম পাওয়ায় চাষিরা লাভবান হচ্ছে।”

তিনি আরও জানান, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে বেশিরভাগ জমিতে সবজি উঠা শুরু হবে।

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের কৃষক একরাম আলী জানান, “এক বিঘা জমিতে ফুলকপির আবাদ করেছি। আগাম চাষে বেশ ভাল দাম পাচ্ছি। ফলনও অনেক ভাল হয়েছে। পাইকারী বাজারে প্রায় তিন হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

বগুড়ার শিবগঞ্জের গুজিয়া শ্যামপুর গ্রামের কৃষক মেহেদী হাসান জানান, আমি চলতি মৌসুমে ২ বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছি। অসময়ে বৃষ্টিপাতের কারণে ফসল তৈরি করতে অনেক কষ্ট করতে হয়েছে। ফুলকপিতে পচন রোগ ধরছে। শেষের দিকে যারা বীজ বপণ করেছে তাদের ফলন ভাল হয়েছে।

বগুড়ার শিবগঞ্জের গুজিয়া দেবীপুর গ্রামের কৃষক আমিনুর রহমান জানান, আগাম সবজি চাষে ফলন আর দামও বেশ ভাল পেয়েছি।

বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় বগুড়ায় এবার আগাম শীতকালীন সবজি চাষ বৃদ্ধি পেয়েছে। এ চাষ সফল করার লক্ষ্যে ইতিমধ্যে কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ, সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংকসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মধ্যে কৃষিঋণ প্রদান করেছে। ফলে দিন দিন কপি চাষে আগ্রহী হয়ে উঠছে চাষিরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর