শেরপুরের নালিতাবাড়ীতে ভাড়াবাসা থেকে এক স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌর শহরের কাচারিপাড়া মহল্লা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্কুলশিক্ষক নাজমুল হাসান (২৬) জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রুহিনী গ্রামের ছামিউল হকের ছেলে ও শাহীন স্কুল নালিতাবাড়ী শাখার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ী শহরের কাচাড়ীপাড়া এলাকায় জনৈক শফিউল আলম খােকনের বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে একা থাকার পাশাপাশি শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন শিক্ষক নাজমুল হাসান।
বৃহস্পতিবার সকালে ছাত্র-ছাত্রীরা প্রতিদিনের মতাে নাজমুল হাসানের কাছে প্রাইভেট পড়তে গিয়ে দরজা বন্ধ দেখে। পরে শিক্ষার্থীরা ও পাশের রুমের আরেক শিক্ষক অনেক ডাকাডাকি করেও নাজমুলের কোন সাড়া পায়নি। এরপর বাড়ির মালিক খােকনকে জানালে তিনি ডাকাডাকি করে তার কোন শব্দ না পেয়ে জানালা দিয়ে দেখেন নাজমুল মৃত অবস্থায় বিছানায় পড়ে আছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানাে হয়েছে। ময়নাতদন্ত রিপাের্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
বার্তাবাজার/অমি