বিএনপির দলীয় অফিসের সামনে গাড়ি পোড়ানোর পেছনে রয়েছে যুবদল। যুবদলের সম্পৃক্ততার কথা বিএনপি’র ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে টেলিফোনে অবহিত করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাসে আগুন দেয়ার ঘটনায় ফরিদা ইয়াসমিন দলীয় অফিসে আটকা পড়েন এবং পরে সাংবাদিকদের সহযোগীতায় বের হয়েছেন বলে নিতাই রায় চৌধুরীকে জানান। এ সংক্রান্ত একটি কথোপকথন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসেছে।
কথোপকথনটি তুলে ধরা হলো:
ফরিদা ইয়াসমিন: আমি ফরিদা বলছি, পার্টি অফিসে আটকা পড়েছিলাম এতক্ষণ। গাড়ি পুুড়িয়েছে ছেলে-পেলে। ১১টার সময় প্রেস কনফারেন্স হলো, এখন তো এখানে আটকা পড়ে দেরি হয়ে গেলো।
নিতাই রায় চৌধুরী: গাড়ি পোড়ানো হয়েছে? কোন জায়গায়?
ফরিদা ইয়াসমিন: পার্টি অফিসের সামনে। সব গাড়ি পুড়িয়েছে। পুলিম-র্যাব এসে পার্টি অফিস ঘেরাও দিয়ে রেখেছে।
নিতাই রায় চৌধুরী: কোন গাড়ি পুড়িয়েছে?
ফরিদা ইয়াসমিন: স্টাফ গাড়ি থাকেনা, পুলিশের স্টাফ গাড়ি, ওগুলোর মধ্যে আগুন দিয়েছে।
নিতাই রায় চৌধুরী: কয়টা গাড়ি?
ফরিদা ইয়াসমিন: যুবদলের ছেলেরা আগুন দিয়েছে।
নিতাই রায় চৌধুরী: কয়টা গাড়ি? একটা গাড়ি?
ফরিদা ইয়াসমিন: একটা গাড়ি।
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ অফিসের সামনের একটি রাস্তাসহ রাজধানীর ৭টি স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপি। এসময় পাশেই হঠাৎ করেই একটি বাসে আগুনের ঘটনা ঘটে।
এ ঘটনার আধ ঘন্টার মধ্যেই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনে আরেকটি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় একই সময়ে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে আরেকটি বাসে লাগে আগুন। একই সময়ে বাসে আগুনের ঘটনা ঘটে শাহবাগ মোড়, কমলাপুর ও মতিঝিলে। সন্ধ্যায় বাড্ডার প্রগতি সরণিতে আগুনের ঘটনা ঘটে আরো একটি বাসে। তবে, ঘটনায় কোন হতাহতের তথ্য পাওয়া যায়নি। সূত্র: ডিবিসি নিউজ
বার্তাবাজার/অমি