রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। হঠাৎ রাজধানীর ৭টি স্থানে বাসে অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ দুপুরে পুলিশ ঘেরাও করে।
এ সময় কার্যালয়ের সামনে থেকে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুককে গ্রেফতার করে পুলিশ। পরে ওই কার্যালয়ের সামনে ও ভেতর থেকে আরও ৯ নেতাকর্মীকে আটক করেছে। আটকের পর তাদেরকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জাহিদ সাংবাদিকদের বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে। কেউ অপরাধী না হলে তাকে ছেড়ে দেওয়া হবে।’
বার্তাবাজার/কে.জে.পি