ঢাকার সাভার ও আশুলিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করেছেন সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ১নং প্যানেল মেয়র মোঃ নজরুল ইসলাম মানিক মোল্লা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সাভার থানা রোডের মামুন পার্টি প্যালেসে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাভার ও আশুলিয়ায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে নজরুল ইসলাম মানিক মোল্লা জানান, বাংলাদেশের অধিকাংশ পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি গ্রহণ করেছে। অল্প দিনের মধ্যেই পৌরসভা সমূহের তফসিল ঘোষণা হতে পারে। তন্মধ্যে সাভার পৌরসভার নাম থাকবে। এই নির্বাচনকে ঘিরে তার প্রত্যাশা এবং তার ফেলে আসা দিনগুলো সম্পর্কে গণমাধ্যমকর্মীদের জানানোর জন্যই মূলত এই মত বিনিময় সভা।
মানিক মোল্লা আরও বলেন, তিনি সাভার পৌরসভার আদি বাসিন্দা এবং রাজনৈতিক পরিবারে জন্ম নেয়ায় রাজনীতির সাথে জড়িত। এরই ধারাবাহিকতায় সাভার পৌরসভার ২নং ওয়ার্ডে তিন বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং ১নং প্যানেল মেয়র হিসেবে তার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে এসেছেন।
মানিক মোল্লা বলেন, গত বার সাভার পৌরসভার মেয়র নির্বাচনের সময় বর্তমান মেয়র আব্দুল গণি তাকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থেকে তার পক্ষে কাজ করতে অনুরোধ করেন এবং সেই মোতাবেক তিনি তাকে সমর্থন দেন।
তখন মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি’র মধ্যস্থতায় এ বিষয়টি চূড়ান্ত হয় যে, এ বছর তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং আগামীতে তিনি মানিক মোল্লাকে ছেড়ে দেবেন। সঙ্গত কারণেই এবার দলীয়ভাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার পালা তার। তাই বিগত দিনের দলীয় সিদ্ধান্ত এবং সর্বস্তরের জনগণের অনুরোধ এবং উৎসাহে তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের জন্য তার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। একারণেই নির্বাচনী প্রক্রিয়ায় সর্ব প্রথম সাংবাদিক ভাইদের কাছে সহযোগিতা চান।
পৌর মেয়র নির্বাচিত হলে তিনি কি করবেন?- সাভার ও আশুলিয়ায় কর্মরত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌরসভার মেয়র প্রত্যাশি নজরুল ইসলাম মানিক মোল্লা।
এপ্রসঙ্গে তিনি জানান, তিনি নির্বাচিত হতে পারলে সাভার পৌরসভার যে সমস্ত কাজ অসমাপ্ত রয়েছে এবং পরিকল্পনায় থেকেও আলোর মুখ দেখেনি, বিশেষ করে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থা, সমস্ত পৌর এলাকাকে সিসি টিভির আওতায় আনা, ব্যাংক টাউন থেকে পিএটিসি পর্যন্ত পৌর এলাকাধীন ঢাকা-আরিচা মহাসড়ক সৌন্দর্য বর্ধন, স্ট্রিট লাইট, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ইত্যকার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি দৃষ্টি নিবেন। পাশাপাশি করোনা চিকিৎসায় যাতে জনগণ তাদের সেবা পেতে পারে সে বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলেও জানান নজরুল ইসলাম মানিক মোল্লা।
বার্তাবাজার/অমি