নবাবগঞ্জে বাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের নবাবগঞ্জে শেখ রাসেল জাতীয় উদ্যান সংলগ্ন আশুড়ার বিলের ক্রসড্যাম রক্ষার দাবিতে বৃহস্পতিবার দুপুরে (১২ নভেম্বর) নবাবগঞ্জ উপজেলার সকল পেশাজীবি সংগঠন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ মানববন্ধন করেছে।

মানববন্ধন শেষে ৬ দফা দাবিতে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের মাধ্যমে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে মানববন্ধনকারীরা।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, ঐতিহাসিক আশুড়ার বিল ও শালবনকে ঘিরে ২০১০ সালে শেখ রাসেল জাতীয় উদ্যান ঘোষণা করেন সরকার। পরবর্তীতে সরকারি উদ্যোগে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, যাতায়াতের রাস্তা নির্মাণ করা হয়েছে।

আশুড়ার বিলকে মাছের অভয়াশ্রম ও পর্যটন উপযোগি করতে পানি ধারণের জন্য ক্রসড্যাম নির্মাণ করা হয়। কিন্তু বন ও বিলের জায়গা জবর দখলকারী এলাকার কিছু লোক সেই ক্রসড্যাম কেটে ক্ষতিগ্রস্থ করেছে। ক্ষতিগ্রস্থ ক্রসড্যাম সংস্কার করে শেখ রাসেল জাতীয় উদ্যান রক্ষা ও আশুড়ার বিলকে মাছের অভয়াশ্রম করার দাবি জানানো হয়েছে।

মানববন্ধনে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে বাঁধ সংস্কার কাজ শুরু না হলে এলাকার জনগণকে নিয়ে লংমার্চের মাধ্যমে সেখানে অবস্থান করে ক্রসড্যাম বাঁধ সংস্কারে নামবেন। আশুড়ার বিলের মাধ্যমে ইতোমধ্যেই দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আশা শুরু করছে।

এতে অর্থনৈতিকভাবে এই এলাকার মানুষ লাভবান হচ্ছেন। আমরা চাই আশুড়ার বিল হবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। এই বিলের মাধ্যমেই এখানকার মানুষ সাবল্বমী হবেন। আমরা বাঁধ সংস্কারের দাবি জানাই। অন্যথায় কঠোর অবস্থানে যাবে নবাবগঞ্জের মানুষ।’

এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, ইউপি চেয়ারম্যান সায়েম সবুজ, ইউপি চেয়ারম্যান এনামুল হক, ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন, নবাবগঞ্জ ক্লাব এ- লাইব্রেরির সাধারণ সম্পাদক আশরাফুল রেজভী, বণিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব আলম, মাদক নির্মল কমিটির সভাপতি সাহিনুর ইসলাম, মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক সুভাষ প্রমূখ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর