চায়ের বৈজ্ঞানিক নাম ক্যামেলিয়া। তাই ক্যামিলিয়া নামেই চা চাষীদের জন্য খোলা হয়েছে ‘ক্যামিলিয়া খোলা আকাশ স্কুল‘। এই স্কুলে উত্তর বঙ্গের ক্ষুদ্র চা চাষীরা চায়ের গুণগত মান উন্নয়ন এবং চা চাষের নানা পদ্ধতির প্রশিক্ষণ নিচ্ছেন।
প্রকল্পটি শুরু হয়েছে এ বছরের গত অক্টোবর মাসে। বর্তমানে প্রতি সপ্তাহে বিভিন্ন গ্রামে চা বাগানের আশে পাশে খোলা মাঠে হাতে কলমে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ চা বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান প্রকল্প উন্নয়ন ইউনিট এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এই প্রকল্পের আওতায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চায়ের গ্রাম খ্যাত পেদিয়াগছ এলাকায় চা বাগানের পাশে খোলা মাঠে দিন ব্যাপি ক্ষুদ্র চা চাষীদের প্রশিক্ষন দেয়া হয়। এতে তেঁতুলিয়ার প্রায় ৬০ জন ক্ষুদ্র চা চাষী হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।
পঞ্চগড় চা বোর্ডের নর্দান বাংলাদেশ প্রকল্পের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেনের সঞ্চালনায় এসময় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প ইউনিটের ভারপ্রাপ্ত পরিচালক ড. এ কে এম রফিকুল। কর্মশালায় চা চাষে পাতা চয়ন ও প্লুনিং বিষয়ে বক্তব্য রাখেন চা গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কমকর্তা ড. তৌফিক আহমেদ এবং নিরাপদ ও টেকসই চা উৎপাদনের লক্ষ্যে বালাই ব্যবস্থাপনা সম্পর্কে বক্তব্য রাখেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শামীম আল মামুন।
চা বোর্ড সূত্রে জানা গেছে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: জহিরুল ইসলামের পরিকল্পনায় উত্তরবঙ্গের চায়ের গুণগত মান বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিসপ্তাহে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় চা বাগানের কাছাকাছি যায়গায় এই স্কুল পরিচালিত হচ্ছে।
বার্তাবাজার/অমি