ঘরে বসে অনলাইন মার্কেটপ্লেস ফাইবার ও আপওয়ার্কের কাজ করে স্বাবলম্বী হওয়া মাগুরার সেই বিস্ময় বালক ফাহিম-উল করিম আর নেই। শারীরিক প্রতিবন্ধীতা জয় করে ফ্রিল্যান্সিংয়ের কাজ করে সারাদেশেই আলোড়ন তুলেছিলেন ফাহিম।
বুধবার (১১ নভেম্বর) রাত ১১টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
জানা গেছে, ফাহিম-উল করিমের বাসা মাগুরা শহরের মোল্লাপাড়া এলাকায়। বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, ডুচেনে মাসকিউলার ডিসট্রফি (ডিএমডি) রোগে ভুগছিলেন ফাহিম।
ছোটবেলায় সাইকেল চালাতেন ফাহিম। বন্ধুদের সঙ্গে ক্রিকেটও খেলতেন। পড়ালেখাতেও ছিলেন মেধাবী। অষ্টম শ্রেণি পর্যন্ত সব ঠিকঠাক ছিল। ২০১২ সালের শেষ দিকে জেএসসি পরীক্ষার ঠিক আগে বিছানায় পড়ে যান। ধীরে ধীরে তাঁর পেশি শুকিয়ে যেতে থাকে। সচল শুধু মাথা ও ডান হাতের দুটি আঙুল। এগুলোকে কাজে লাগিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে মাসে ৫০ হাজার টাকা আয় করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনেন তিনি। ফাহিমের কাজে খুশি হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাকে একটি ল্যাপটপ উপহার দিয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি