কিশোরগঞ্জের ‘কয়লা’ রেস্টুরেন্টে রহস্যজনক বিস্ফোরণ, আহত ৩

কিশোরগঞ্জ শহরের ঈসাখাঁ রোডে অবস্থিত কয়লা রেস্টুরেন্টে এক রহস্যজনক ভয়াবহ বিস্ফোরণে ৩ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে নিরালা টাওয়ারের দ্বিতীয় তলায় এই বিস্ফোরণ হয়। এতে দোকানের ৩ কর্মচারি আহত হয়েছেন।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার কিছু আগে হঠাৎ করে রান্নাঘরের ভেতরে বিকট শব্দ হয়। এ সময় রান্নাঘরের অন্তত ৪০ ফিট দূরে অবস্থিত মোটা গ্লাসের দরজা, বাথরুমের দরজাসহ ভেতরের দুই পাশের জানালার গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আতংক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। রেস্টুরেন্টে ভেতরে থাকা লোকজন দৌড়ে বাইরে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন ঘটনাস্থলে যায়।

দোকানে থাকা কর্মচারীরা জানান, রান্নাঘরের ভেতরে গ্যাসের চুলার কাছে একটি আলো দেখতে পান তারা। মুহূর্তে বিকট শব্দ শুনতে পান। এ সময় হাতে, মুখে মাথায় দগ্ধ হন তিন কর্মচারী।

ফায়ার সার্ভিস জানিয়েছেন, সেখানে অগ্নিকাণ্ড, কিংবা বিস্ফোরণের কোনও আলামত পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের পরিদর্শক মো. জয়নাল আবেদীন জানান, পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করছে। সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এখানে আসলে কি হয়েছে সেটি সঠিকভাবে বলা যাচ্ছে না।

ঢাকায় অবস্থান করা কয়লা রেস্টুরেন্টের অন্যতম মালিক এনায়েত করিম অমি মোবাইল ফোনে জানান, বিস্ফোরণের বিষয়টি তার কাছেও রহস্যজনক বলে মনে হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর