পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় যুবসমাজ।
বুধবার বিকেলে চর মোন্তাজ ইউনিয়নের আশ্রায়ন প্রকল্পের খেলার মাঠ দখল মুক্ত করার দাবিতে, মাঠের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এলাকার খেলোয়াড় ও যুবকরা।
এ সময় বক্তারা বলেন, চরমোন্তাজ ইউনিয়নে একটি মাত্র খেলার মাঠ। তাও ইতিমধ্যে নানাভাবে দখল হচ্ছে। রাস্তার কাজে ব্যবহৃত ব্লক তৈরির কাজও হচ্ছে এখানে। ব্লক তৈরির কাজ অনেক আগেই শেষ হলেও এখনো পর্যন্ত ব্লক সরিয়ে নেয়া হয়নি। অন্যদিকে, মাঠের জায়গা দখল করে বাজারের ময়লা ফেলে ও গরু, ছাগল বেঁধে মাঠ নষ্ট করছে এলাকাবাসী।
এ বিষয়ে জানতে চাইলে রাস্তা নির্মাণ কাজের ঠিকাদার মোঃ শামীম প্যাদা বলেন, বর্ষার মৌসুমের কারণে যথাসময়ে আমরা কাজ করতে পারিনি। কিছুদিনের মধ্যেই ব্লক সরিয়ে নেব।
এব্যাপারে চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া জানান, চরমোন্তাজ ইউনিয়নে একটি মাত্র খেলার মাঠ, এই মাঠ কোনমতেই দখল করতে দেয়া হবেনা।
কেউ যদি জোরপূর্বক দখল করে থাকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, ইতিমধ্যেই আমি ঠিকাদার শামীমের সাথে তার ব্লক সরিয়ে নেয়ার ব্যাপারে কথা বলেছি।
বার্তাবাজার/কে.জে.পি