নান্দাইলে শ্লীলতাহানীর পর চালককে কৌশলে আটক করালেন গৃহবধূ

উপজেলায় বাপের বাড়ি বেড়াতে আসার পথে ইজিবাইক চালকের দ্বারা শ্লীলতাহানীর শিকার হয়েছেন এক গৃহবধূ। পরে ওই গৃহবধূ কৌশলে চালককে বাপের বাড়ির কাছে এনে লোকজনের সহায়তায় আটক করেছেন। আজ বুধবার দুপুরের দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

আটককৃত ওই চালকের নাম আঃ করিম (৩৫)। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রাম গ্রামের সাহেব আলীর পুত্র।

গৃহবধূ জানায়, ত্রিশাল উপজেলায় তাঁর বিয়ে হয়েছে। তাঁর এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বুধবার স্বামীর বাড়ি থেকে তিনি একা সিএনজি যোগে রওনা দিয়ে নান্দাইল উপজেলার ঝালুয়া বাজার বাসষ্ট্যান্ডে পৌছান। সেখান থেকে একটি ইজিবাইকে করে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ইজিবাইকে থাকা দুজন যাত্রী নেমে গেলে তিনি একা হয়ে যান।

এসময় চালক আঃ করিম মোবাইলে ফোনে বিপুল মিয়া নামে একজনকে ডেকে এনে চালকের আসনে বসান। এরপর সে পেছনের সীটে গিয়ে অশ্লীল কথাবার্তা বলে শ্লীলতাহানী করতে থাকে। এ অবস্থায় নিজেকে বাঁচিয়ে কৌশলে চালকসহ ইজিবাইকটিকে গ্রামে সড়কের পাশেই থাকা বাপের বাড়ির কাছাকাছি আসার পরই তিনি চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন রহিমকে ধরে উত্তম মধ্যম দিয়ে একটি বাড়িতে আটক করে রাখে। এবং বিচারের জন্য ইউপি চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক জানান, লোকজন বিষয়টি তাঁকে জানালে তিনি তাদের থানার আশ্রয় নিতে বলেছেন। নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর