আ’লীগের দুই প্রেসিডিয়াম সদস্য’র মৃত্যুতে শূন্য আসনদ্বয়ে আগামীকাল ভোট

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ও অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয়ে পড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ সংসদীয় আসনে আগামীকাল (বৃহস্পতিবার) উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইস) জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান,ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপনির্বাচনকে ঘিরে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১০ নভেম্বর (মঙ্গলবার) মধ্যরাত ১২টা থেকে ১৩ নভেম্বর (শুক্রবার) মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বুধবার রাত ১২টা থেকে ১২ নভেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচল করতে পারবে না। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট এবং দেশি/বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে এ কড়াকড়ি শিথিল করা যাবে।

নিরাপত্তার বিষয়ে তিনি জানান, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, ভোটের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগের যানবাহন নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এ আসনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন- আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) মবিবুল্লাহ বাহার।

অন্যদিকে সিরাজগঞ্জ-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় ও বিএনপির সেলিম রেজা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর