বগুড়ার আদমদীঘিতে ফাহিমা বেগম (২৮) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার বেলা ১১ টায় উপজেলার সান্তাহার এলাকার ইয়ার্ড কলোনী বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফাহিমা বেগম উপজেলার সান্দিড়া গ্রামের সাইফুল ইসলামের (৩৪) ২য় স্ত্রী।
এ ঘটনায় নিহতের ভাই ফারুক হোসেন বাদি হয়ে স্বামী ছাইফুল ইসলামকে আসামী করে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই স্বামী ছাইফুল ইসলাম পলাতক রয়েছে।
পুলিশ জানায়, আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় বসবাসকারি আইনাল শেখের মেয়ে ফাহিমা বেগমের সাথে সান্দিড়া গ্রামের ছাইফুল ইসলামের দুই বছর আগে বিযে হয়। তারা ইয়ার্ড কলোনী বাসায় থাকতো। বিয়ের পর থেকেই স্বামী ছাইফুল ইসলাম ২য় স্ত্রী ফাইমা বেগমকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতো।
গত গত ৯ নভেম্বর সোমবার দিবাগত রাতে ফাহিমা বেগমকে হত্যা করে ঘরে তালা লাগিয়ে স্বামী পালিয়ে যায়। বুধবার সকালে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশিরা পুলিশে খবর দিলে শয়ন ঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
সান্তাহার ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, তাকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বার্তাবাজার/অমি