হাজী সেলিমের দুর্নীতি মামলার সকল নথি আদালতে তলব

ঢাকা-৭ আসনের আলোচিত সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের নামে ১৩ বছরের দণ্ডাদেশ দেওয়া মামলার বিচারিক আদালতে থাকা সকল নথি তলবে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এর এক যুগ আগে দুর্নীতি দমন কমিশনের করা ওই মামলায় বিচারিক আদালতে তার ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল।

আগামী ৭ ডিসেম্বরের মাঝে ঢাকার বিশেষ জজ আদালত-৭ কে ঐ মামলার এলসিআর উচ্চ আদালতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। এর আগে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাজী সেলিমের আপিল দ্রুত শুনানি করতে দুর্নীতি দমন কমিশন একটি আবেদন করেছিল।

হাজী সেলিমের আবেদনে সাড়া দিয়ে হাইকোর্টের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের ভার্চুয়াল বেঞ্চ আজ (বুধবার) এই আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে সোমবার হাইকোর্টে এ মামলার আপিল শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত করতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর