র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলির নেপথ্যে কোনো কারণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে, ২৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করে সোমবার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাংবাদিকরা বদলির পেছনে কোনো কারণ আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নেপথ্যে কোনো কারণ নেই। সরকারি কর্মকর্তা আজকে এখানে যেমন, আমার পিআরও সাহেব (জনসংযোগ কর্মকর্তা) এখানে আছেন কালকে উনি অন্যখানে চলে যেতে পারেন- এটিই নিয়ম।
“ম্যাজিস্ট্রেট সাহেব কেন?… হয়তো অনেকদিন ধরে এখানে (র্যাব) ছিলেন। সে হয়তো আরো ভালো জায়গায় যাবেন, আরো ভালো করার জন্য অন্য জায়গা বদলি করবেন। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে বদলি।”
সর্বশেষ গত শনিবার মোহাম্মদপুরে তিনি তিনটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়ম পেয়ে জরিমানা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, “৫ বছর র্যাবে কর্মরত, তাই এ বদলি নিয়মিত বদলি।”
বার্তাবাজার/কে.জে.পি